শিরোনাম
ন্যাটো সদস্যপদ পেতে দনবাস ছাড়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের ইউরোপের নিরাপত্তাব্যবস্থা নতুন করে সাজাতে চায় রাশিয়া সন্তান না হওয়ার কারণে স্ত্রীকে তালাক দেওয়া কি জায়েজ? ভ্যান্সকে পররাষ্ট্রনীতি ছেড়ে অভ্যন্তরীণ বিষয়ে মন দিতে বললেন ট্রাম্প ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসর নিয়ে প্রশ্নবানে জর্জরিত পর্তুগাল কোচ! ব্যক্তিপর্যায়ের লেনদেনে বাংলা কিউআর কোড সেবা চালু ব্র্যাকে ডিপ্লোমাধারীদের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৭ নভেম্বরের মধ্যে এইচএসসিতে ফেল করেও পাসের সুযোগ পাবে যারা!
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ রাত
স্ক্যান করে
অনলাইনে পড়ুন
আন্তর্জাতিক

ন্যাটো সদস্যপদ পেতে দনবাস ছাড়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

জানালেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে দেশটির অবশিষ্ট সেনা প্রত্যাহারের বিনিময়ে ন্যাটোর সদস্যপদ দেওয়ার প্রস্তাব তুলেছে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। এসব আলোচনার পরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন প্রস্তাব উত্থাপনের বিষয়টি সামনে আনলেন জেলেনস্কি।

শনিবার প্রকাশিত এক বক্তব্যে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা তাঁকে প্রশ্ন করেছিলেন, ‘ইউক্রেন যদি ন্যাটোর সদস্যপদ পায়, তাহলে কি দেশটি দনবাস অঞ্চল থেকে তাদের সেনা প্রত্যাহার করবে?’ তাঁর ভাষ্য অনুযায়ী, আলোচনায় প্রথমবারের মতো এ ধরনের প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

জেলেনস্কি আরও জানান, নিরাপত্তার নিশ্চয়তা, ইউক্রেনের সামরিক সক্ষমতার ওপর কোনো বিধিনিষেধ না থাকা এবং যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় অর্থায়নের নিশ্চয়তা দেওয়া হলে তিনি বিষয়টি গণভোটে উত্থাপন করতে পারেন।

দীর্ঘদিন ধরেই ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পাওয়ার চেষ্টা করে আসছে। তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের কয়েকটি দেশ এ বিষয়ে আগে আপত্তি জানিয়েছে। অন্যদিকে, রাশিয়া বরাবরই তাদের সীমান্তবর্তী কোনো দেশে ন্যাটোর সম্প্রসারণকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে আসছে।

বর্তমানে দনবাসের অধিকাংশ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। দনবাসের অন্তর্ভুক্ত দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের বড় অংশ রুশ বাহিনীর দখলে। তবে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা অবশিষ্ট ভূখণ্ড ছেড়ে দিতে বরাবরই অস্বীকৃতি জানিয়ে আসছেন জেলেনস্কি। তাঁর মতে, দেশের সার্বভৌম ভূখণ্ড নিয়ে কোনো আপস করা সম্ভব নয়।

এদিকে, গত বৃহস্পতিবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। এর আগে তাঁরা মস্কোতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করেন।

ন্যাটো সদস্যপদ পেতে দনবাস ছাড়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুদ্ধ বন্ধের বিষয়ে রাশিয়ার অবস্থানে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়নি। মস্কো এখনো ভূখণ্ডগত ছাড় এবং ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে। পাশাপাশি ইউক্রেনের সামরিক বাহিনীর আকার সীমিত করার প্রস্তাবও দিয়েছে রাশিয়া। তবে কিয়েভের আশঙ্কা, এসব শর্ত মেনে নিলে ভবিষ্যতে রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন প্রতিরোধের সক্ষমতা দুর্বল হয়ে পড়বে।

রাশিয়া এরই মধ্যে ২০২১ সালে উত্থাপিত ন্যাটো-সংক্রান্ত পুরোনো দাবিগুলোও পুনরায় সামনে এনেছে। এসব দাবির মধ্যে রয়েছে রাশিয়ার আশপাশে ন্যাটোর সম্প্রসারণ বন্ধ করা এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ন্যাটোর সদস্য হওয়া মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলো থেকে সামরিক অবকাঠামো সরিয়ে নেওয়া। ২০২১ সালে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো এসব দাবি প্রত্যাখ্যান করেছিল। এর কয়েক মাস পরই ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

এ সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সর্বশেষ আলোচনায় ইউরোপের নিরাপত্তাব্যবস্থার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। তবে রাশিয়া জানিয়েছে, ভূখণ্ডগত সমঝোতা ও নিরাপত্তাব্যবস্থা অন্তর্ভুক্ত করে চূড়ান্ত শান্তিচুক্তি না হওয়া পর্যন্ত তারা যুদ্ধবিরতিতে সম্মত হবে না।

শুক্রবার দেওয়া এবং শনিবার প্রকাশিত বক্তব্যে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের ফলে তাঁর মনে হয়েছে, ন্যাটোর সদস্যপদের বিষয়টি আবারও আলোচনার টেবিলে ফিরে এসেছে। তবে তিনি সতর্ক করে বলেন, পুতিনের বক্তব্য ও অবস্থান বিবেচনায় বিষয়টি নিয়ে আলোচনা অত্যন্ত কঠিন।

বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে রয়েছে। এর মধ্যে দনবাসের অধিকাংশ এলাকাও রয়েছে। ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা দনবাসের অবশিষ্ট ছোট অংশ ছেড়ে দেওয়ার বিষয়টি কিয়েভের জন্য রাজনৈতিক ও প্রতীকী দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে জেলেনস্কি রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের চারটি অঞ্চলের পাশাপাশি ২০১৪ সালে রাশিয়ার সঙ্গে যুক্ত করা ক্রিমিয়া উপদ্বীপ পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করেছিলেন।

এদিকে, রাশিয়ার অভ্যন্তরে তেল স্থাপনায় ইউক্রেনের হামলা নিয়েও সম্প্রতি কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। বিশ্ববাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে রাশিয়ার ডিজেল সরবরাহ সহজ করার উদ্দেশ্যে এসব হামলা সাময়িকভাবে বন্ধ রাখতে ইউক্রেনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প।

ইউক্রেনে সামরিক আইন জারি থাকায় বর্তমানে নির্বাচন স্থগিত রয়েছে। তবে জেলেনস্কি আগেই জানিয়েছেন, শান্তিচুক্তি সম্পন্ন হলে কয়েক মাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে তিনি প্রস্তুত। এমনকি ন্যাটোর সদস্যপদ নিশ্চিত হলে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব থেকেও সরে দাঁড়াতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।

সূত্র: বিবিসি

সর্বশেষ খবর

আরও

খবরের লিংক: https://sottersokal.com/news/n261114-n8mqfso0
© দৈনিক সত্যের সকাল | Daily Sotter Sokal · নির্বাহী সম্পাদক ও প্রকাশক: মো: আনাস মোল্লা